
সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। এ ঘটনায় খালেদা আক্তারের ভাই অভিযুক্ত মোস্তাক আহমেদ আবু মিয়া হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা
চালিয়ে তাঁদেরকে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ও পুলিশ একটি দল। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




























