
আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের বাসিন্দা এম,এম রবিউল ইসলাম (৫৮) তার স্ত্রী ইনা পারভীন চন্দনা (৪০) নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের দিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকাল আনুমানিক ৮টার দিকে ইনা পারভীন চন্দনা নিজ বাড়ি থেকে বাবার বাড়ি তালা উপজেলার শিবপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে তিনি গন্তব্যে পৌঁছাননি। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এঘটনায় রবিউল ইসলাম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী নিখোঁজ থাকায় ভবিষ্যতের আইনি সুরক্ষা ও অনুসন্ধানের স্বার্থে বিষয়টি জিডিভুক্ত করা জরুরি। তবে অভিযোগ রয়েছে, আবেদন জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিডি গ্রহণে গড়িমসি করছে।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। পরে আইনি সহায়তার জন্য থানায় জিডি করতে গেলে সেটিও গ্রহণ করা হয়নি। গত মঙ্গলবার রাতে কয়েকজন আত্মীয়কে নিয়ে ওসি সাহেবের সঙ্গে দেখা করলে তিনি জিডি গ্রহণ করতে পারবেন না বলে জানান। কারণ জানতে চাইলে আমার এক আত্মীয়ের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এতে আমি চরম উদ্বেগের মধ্যে রয়েছি।
স্থানীয়দের দাবি, কোনো ব্যক্তি নিখোঁজ হলে সাধারণ ডায়েরি গ্রহণ করা পুলিশের নিয়মিত দায়িত্ব। এ ধরনের ঘটনায় জিডি গ্রহণে বিলম্ব হলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার কার্যক্রম ব্যাহত হতে পারে।
এদিকে অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে থানায় উপস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের এক নেতার সঙ্গে আলাপকালে অফিসার ইনচার্জ মাসুদুর রহমান রাজনৈতিক মন্তব্য করেন। উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, ওই সময় ওসি বলেন বিএনপি আগামী ৪০ বছরেও কিছু করতে পারবেনা। তারা এখনো আওয়ামীলীগকে ভয় পায়। এছাড়া বিএনপি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কোন সুপারিশ গ্রহণ করেননা বলে তিনি দাম্ভিকতা দেখান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) বলেন, নিখোঁজের ঘটনায় ওই নারীর স্বামী এম.এম. রবিউল ইসলাম থানায় জিডি করার আবেদন করলেও সেটা গ্রহণ করা হয়নি। নিখোঁজ ইনার পিতার জিডি তিনি গ্রহণ করেছেন । এছাড়া ওই নারীর পরিবার তার স্বামী ও আগের স্ত্রীর ছেলের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছে। এদিকে আগামী ৪০ বছরেও বিএনপি কিছু করতে পারবে না এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।




























