
স্টাফ রিপোর্টার পটিয়া চট্টগ্রাম
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী থানা হাট পটিয়ায় এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পশুর হাটে চলছে কেনাবেচা, দরদাম আর ব্যস্ততার এক অন্যরকম চিত্র।
উপজেলার হাইদগাঁও, কোলাগাঁও, কুসুমপুরা, কেলিশহর, শোভনদণ্ডীসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পশুর শেড ও খামার। স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল থেকেও ট্রাকযোগে আনা হচ্ছে বিভিন্ন জাতের গরু ও ছাগল। ফলে হাটে দেশীয় ও বাহারি জাতের পশুর সমাহার দেখা যাচ্ছে।
হাইদগাঁও এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদ উপলক্ষে প্রায় এক মাস আগ থেকেই তারা পশু সংগ্রহ ও পরিচর্যার কাজ শুরু করেছেন। ইতোমধ্যে অনেক পশু বিক্রি হয়ে গেছে এবং প্রতিদিনই নতুন নতুন ক্রেতার আগমন বাড়ছে। গরুর আকার, ওজন ও জাতভেদে নির্ধারণ করা হচ্ছে দাম। ছোট গরু থেকে শুরু করে বিশাল আকৃতির ষাঁড় পর্যন্ত রয়েছে নানা দামের পশু।
স্থানীয় খামারিরা জানান, এবার পশুখাদ্য ও পরিবহন খরচ কিছুটা বেড়ে গেলেও বাজারে ক্রেতাদের আগ্রহ আশাব্যঞ্জক। বিশেষ করে দেশীয়ভাবে লালন-পালন করা স্বাস্থ্যসম্মত গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
পটিয়ার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, বিক্রেতারা পশুর পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের বিষয়ে বাড়তি যত্ন নিচ্ছেন। অনেক পরিবারকেও দেখা গেছে একসঙ্গে হাটে এসে পছন্দের পশু বেছে নিতে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই প্রাণচাঞ্চল্যে ভরে উঠছে পটিয়ার কোরবানির পশুর বাজার।





























