
মো.মুরাদ মৃধা, রাণীনগর নওগাঁর রাণীনগর উপজেলায় মো. হবির উদ্দিন নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার ধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে কারাদন্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. হবির উদ্দিন (৫০) তিনি রাণীনগর উপজেলার ধনপাড়া গ্রামের মৃত কবির মুন্সীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধনপাড়া এলাকায় মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানে মাদক সেবনের অভিযোগে হবির মুন্সীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।অভিযানটি পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।রাণীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, রাণীনগর উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে এধরণের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























