
নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে আজ সোমবার (০৯ নভেম্বর ২০২৬) সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের (মোবাইল ভ্যান) মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এদিন সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়, বাসটার্মিনাল, ক্যান্টনমেন্ট বাজার ও চৌমুহনী বাজারে মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ল্যাবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, খাবারে শিল্প লবণের ব্যবহার, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, হলুদ ও মরিচের গুঁড়ায় লেড-ক্রোমেট এবং দুধে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাই করা হয়।
ল্যাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সরাসরি পরিদর্শন করানো হয়।
এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক টিভি বাণিজ্যিক (টিভি সি) প্রদর্শন করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



























