
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের ফজল ব্যাপারী বাড়ির পশ্চিম পাশে, কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট সংলগ্ন একটি ময়লার বাগাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নুর মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত ২৩ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও পরে কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ময়লার বাগাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।




























