
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার গৌরাঙ্গ দাস (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে শেরপুর ও আশপাশের এলাকায় বিভিন্ন কৌশলে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালায়। পরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।
একপর্যায়ে তাঁর দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
#আলোকিত সকাল/ফাহাদ




































