
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর থানার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার এসআই (নি.) মো. গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বামুনিয়া মন্ডলপাড়ায় মো. ফজলে এলাহী রঞ্জনের বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুদ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।অভিযানকালে বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. ফজলে এলাহী রঞ্জন (৪০) ও তার স্ত্রী মোছা. ছালেহা খাতুন (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা মূলত বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তারা শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাস করছিলেন।পুলিশ উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেপ্তারকৃতদের শাজাহানপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




























