
মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় চোরাচালানকৃত ভোগ্যপণ্য ও কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাচালানের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর চত্বরে অভিযান চালায় পুলিশ।
ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি আইসার ট্রাক (যশোর ট: ১১-৫৬৩৭) আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও মেনটোসসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর পরদিন শনিবার সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কাফি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব: ১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
#আলোকিত সকাল/ফাহাদ/মামুন



























