
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক.) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রকাশিত নোটিশ সূত্রে জানা গেছে, প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। এ শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) এবং মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে। এ শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক.), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ভর্তি পরীক্ষা–সংক্রান্ত বিস্তারিত তথ্য, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট admission.duetbd.org-এ পাওয়া যাবে।




























