
মো: একরামুল হক, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ আগুনে বিধবা রেখা বেগমের (৪৬) দুটি ঘর ও ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আগুনে আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বড় ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের জন্য জমানো নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার পুড়ে যায়। পরিবারের দাবি, এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর পল্লী বিদ্যুৎ অফিসে প্রায় এক ঘণ্টা ফোন করেও সাড়া পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তাঁদের দাবি, সময়মতো সংযোগ বন্ধ করা গেলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে জানান স্থানীয়রা।কান্নাজড়িত কণ্ঠে রেখা বেগম বলেন, “বড় ছেলের বিয়ের জন্য দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার রেখেছিলাম। নিমিষেই আগুনে সব শেষ হয়ে গেছে।”ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘর-সংসার পুনর্গঠনে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।#



























