
মো. মুরাদ মৃধা রানীনগর
আত্রাই-রাণীনগর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা জোরদার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত রাত্রীকালীন মোবাইল পেট্রোলিং (টহল) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে সতর্ক নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সাথে যেকোনো ধরনের অপ্রীতিযোগ পরিস্থিতি এড়াতে নিয়মিত টহল জোরদার এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
টহল কার্যক্রম তদারকির পাশাপাশি পুলিশ সুপার মহোদয় নিজেই মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের রাতের যাতায়াতে কোনো প্রকার ভোগান্তি বা নিরাপত্তার অভাব রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি আত্রাই ও রানীনগর এলাকায় স্থাপিত পুলিশ বক্সগুলো সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে পুলিশ বক্সের সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করে পুলিশের সেবার মান আরও বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের দ্রুত আইনি সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বদা প্রস্তুত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




























