
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকিতে আছে পদ্মাপাড়ের কয়েক হাজার মানুষ। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এখানে চলে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং পরিবহন। অস্তিত্ব সংকটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) বিকালে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে স্থানীয় জনগনের উদ্যোগে চরজানাজাত বেপারীর চর বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মোঃ মোতালেব বেপারীসহ স্থানীয় বাসিন্দারা।
মানব বন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঠালবাড়ি, চরজানাজাত ইউনিয়নের বিভিন্নস্থান থেকে যত্রতত্র বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে পদ্মা নদীর অসংখ্য স্থান থেকে একযোগে চলছে অবৈধ বালু বাণিজ্য। অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য পদ্মার তীরবর্তী এলাকার ফসলি জমি ও অসংখ্য স্থাপনা ঝুঁকিতে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অবৈধ ড্রেজার বন্ধ না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে অংশ নেয়া এডভোকেট নাসিরউদ্দিন বেপারী জানান, কিছু অসাধু চক্র পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আর সেই বালু উত্তোলনকারীদের সহযোগিতা করছে এলাকার অনেক প্রভাবশালী লোক। নৌ-পুলিশের চোখের সামনেই ঘটছে এমন ঘটনা। কিন্তু দেখে মনে হয় নৌ-পুলিশ কিছুই জানে না। তাহলে নৌপুলিশের কাজটা কি? আমরা এই অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানব বন্ধন করছি। এলাকাবাসী চায় যেন বিষয়টিতে দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করে এবং এটির সমাধান করে।





























