
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নে একটি রাস্তার সংস্কারকাজকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহা উদ্দীন বাবু-এর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার হালিমপুর ইউনিয়নে নিজ বাড়ির উঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বাহা উদ্দীন বাবু অভিযোগ করে বলেন, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল-এর বিশেষ বরাদ্দের আওতায় টিআর/কাবিখা প্রকল্প থেকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হালিমপুর রেললাইনের পাকা রাস্তা থেকে সেতু মেম্বারের বাড়ি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা মাটি দিয়ে সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়।তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর রাখা এবং জনসাধারণের দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা তার দায়িত্বের অংশ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সংসদ সদস্যের কাছে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই রাস্তার কাজটির বরাদ্দ পাওয়া যায় বলে তিনি দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, রোববার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তাটি পরিমাপ করে যান। এর কিছুক্ষণ পর স্থানীয় হানিফা নামের এক ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালান এবং প্রাণনাশের হুমকি দেন।বাহা উদ্দীন বাবুর দাবি, এলাকার উন্নয়নকাজে বাধা সৃষ্টি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হামলার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য এলাকার উন্নয়নের স্বার্থে প্রকল্পটি বরাদ্দ দিলেও আওয়ামী লীগের কিছু ব্যক্তি এতে ঈর্ষান্বিত হয়ে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে তিনি বলেন, "রাস্তাটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার লক্ষ্যে আমি উদ্যোগ নিয়েছি। অথচ উন্নয়নকাজে সহযোগিতা করার পরিবর্তে আমার ওপর হামলা চালানো হয়েছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।"তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডে কাজ করে যেতে চান। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাহা উদ্দীন বাবুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।




























