
সাআদ মাহমুদ,হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কড়ইগড়া গ্রামের ভূমিহীন ও দিনমজুর আব্দুল হালিম দীর্ঘদিনের মানবেতর জীবন কাটিয়ে অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তাঁকে একটি টিনশেড ঘর, একটি গাভী ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়।হালুয়াঘাট-ধোবাউড়া এলাকার জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহারসামগ্রী হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা প্রমুখখোঁজ নিয়ে জানা যায়, ৭ সন্তান ও স্ত্রীকে নিয়ে এতদিন অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন আব্দুল হালিম। কখনো রিকশা চালিয়ে, আবার কখনো দিনমজুরি করে যা আয় হতো, তা দিয়ে কোনোমতে চলত তাঁর সংসার। সন্তানদের মধ্যে দু'জনের বিয়ে হলেও বাকিদের নিয়ে চরম কষ্টে দিন কাটছিল তাঁর। নিজের কোনো জায়গা-জমি না থাকায় তাঁর মামাতো ভাই আবদুর রশিদ তাঁকে ২ শতক জমি উপহার দেন। পরবর্তীতে সেই জমিতে স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলের সার্বিক সহযোগিতায় সরকারের বিশেষ বরাদ্দে একটি ঘর নির্মাণ করে তাঁকে হস্তান্তর করা হয়। শুধু ঘর দিয়েই ক্ষান্ত হননি স্থানীয় সংসদ সদস্য; আব্দুল হালিমের পরিবারে সচ্ছলতা ফেরাতে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে একটি গাভী এবং তাঁর স্ত্রীর কর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিনও উপহার দেওয়া হয়।স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্নের ঘর ও সামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল হালিম ও তাঁর পরিবার। দীর্ঘদিনের অভাব অনটনের পর এই সহায়তা তাঁদের জীবনে নতুন আশার আলো ফিরিয়ে এনেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে গভীর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।





























