
আজিজুল ইসলাম:
দৈনিক নিউ টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর ময়মনসিংহ নগরীর মাসকান্দা গগনশাহর মোড় গোরস্থান মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাঁকে দাফন করা হয়। মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড়া গ্রামে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ীয়া প্রেসক্লাব পরিবার। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একজন বীর মুক্তিযোদ্ধা ও সংবাদপত্রের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।





























