
গাজী হাবিব, সাতক্ষীরা:
'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এ মেলা আগামী ১১ আগষ্ট শেষ হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ ও তার পরিচর্যার কোনো বিকল্প নেই। এই বৃক্ষ রোপনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ আরো বলেন- আপনারা জেনে খুশি হবেন যে. সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলা ২ একর করে এক্সক্লুসেভলি বনায়ন করা হয়েছে। এটার কার্যক্রম চলমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।
বৃক্ষমেলা উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দশ দিনব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন মিজ কাউসার আজিজ।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




























