
আব্দুল্লাহ্ আল মামুন(পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও আটোয়ারীতে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইন।বুধবার (৯ সেপ্টেম্বর) বোদা ও আটোয়ারী থানা কম্পাউন্ডে পৃথকভাবে অনুষ্ঠিত চৌকিদারি প্যারেডে দুই থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশ দেন।এসময় তিনি সার সংকটের বিষয়েও সজাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।পুলিশ সুপার আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থানার লুট হওয়া অস্ত্রের সন্ধান বা তথ্য দিতে পারলে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।প্যারেডে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





























