
। সুজন তালুকদার ছাতক প্রতিনিধি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে মেসার্স মা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে নগদ অর্থ, সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক, গুরুত্বপূর্ণ খাতাপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রঞ্জু পুরকায়স্থ জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে হিসাব-নিকাশ শেষে তিনি অফিস বন্ধ করে জাতুয়া গ্রামে নিজ বাড়িতে চলে যান। রাতের কোনো এক সময় চোরেরা প্রথমে অফিস কক্ষের তালা ভাঙার চেষ্টা করে। তবে দরজায় গ্রিল থাকায় তারা ভেতরে প্রবেশে ব্যর্থ হয়। পরে জানালার গ্রিল ভেঙে কক্ষে ঢুকে চুরির ঘটনা ঘটায়। তিনি আরও জানান, চোরেরা নগদ টাকাসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। এতে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় প্রতিষ্ঠানে কোনো পাহারাদার না থাকায় চোরেরা সহজেই তাদের অপকর্ম চালাতে সক্ষম হয়। খবর পেয়ে বুধবার সকালে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) রোমেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।




























