
পি কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক দুইজন মাদকসেবী/মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়েদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (৪আগস্ট) বিকেল সাড়ে আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে বিশ্বনাথপুর গ্রামের মোছা. সামছুন্নাহার (৪০) এবং কুতুবপুর গ্রামের মো. রাব্বি হাসান (২১)-কে আঁটক করেন।
পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের রায়ে মোছা. সামছুন্নাহারকে ২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাব্বি হাসান (২১)কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান থেকে ২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর থানা জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।





























