
মোঃ রায়হান মাহামুদ :
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে চট্টগ্রামের পাহাড়তলী শাখায় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) পাহাড়তলী শাখা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়তলী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার সোহেল মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণকারী রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের জন্য চশমা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. সানোয়ার হোসেন, ডা. মিরাজ হোসেন, ডা. বাপ্পি ইসলাম এবং ডা. সাহায়রা বিনতে ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী শাখার ব্যবস্থাপক শাহেব আলী, জোনাল হিসাবরক্ষক মাহফুজুর রহমান, আইটি অফিসার এনামুল, হিসাবরক্ষক শাহজাহানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই পিএমকের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।




























