
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ৮টা ৫১ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই সবুজ ও এসআই মাজেদের নেতৃত্বে উপজেলার ভাগযোত মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদের দোকানের সামনে পাকা সড়কে তল্লাশি চালিয়ে সৈকত মোল্লা (২৭)-এর কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক সৈকত মোল্লা উপজেলার পাকুড়িয়া মহিষকুণ্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সৈকত মোল্লার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




























