
।। মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি ।।শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ২ নং ওয়ার্ড ঠেংগারবাড়ি এলাকায় মাঝি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অটোচালক আব্দুল কুদ্দুস মাঝির বসতঘর।গত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনের সূত্রপাত হঠাৎ করেই ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন পরিবারটি।স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল-ডালসহ প্রাথমিক খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই।”এদিকে স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি সহায়তা কামনা করেছেন।




























