
হুযাইফা হিজল, রায়গঞ্জ:
২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতায় নিহত ছয়জনের স্মরণে এবং ঘটনার প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বৃষ্টি মাথায় নিয়ে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য ও রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার নেতা ড. আব্দুস সামাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মনসুর আহমেদ, স্থানীয় চেয়ারম্যান প্রার্থীসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।




























