
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল ২০২৬ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘ইনোভেট টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যে এ কার্নিভালের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ও রোবটিক্সসহ উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ডুয়েট এমন শিক্ষার্থী তৈরি করতে চায়, যারা শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং উদ্যোক্তা, গবেষক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে দেশের প্রযুক্তিখাতকে এগিয়ে নেবে। অনুষ্ঠান শেষে উপাচার্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ঘুরে দেখেন এবং ভার্চুয়াল থ্রিডি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬–এর অংশ হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। কার্নিভালের প্রথম দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি), এআই হ্যাকাথন, আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার এসব প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, নেটওয়ার্কিং সেশন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দুই দিনের আয়োজন শেষ হবে।




























