
শামছুদ্দিন খোকন, চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা বাজার ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে দক্ষিণ আইচা বাজারের মেহেদী মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৩৪ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে দুজন প্রার্থী অংশগ্রহণ করেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. কামরুল হাসান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম মেকার পান ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. সালাউদ্দিন হাওলাদার ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামিম হাওলাদার পান ৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. রায়হান সিকদার ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল খান পান ১৩ ভোট।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. সোহাগ ও মো. হাসান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত নেতারা দক্ষিণ আইচা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




























