
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গঙ্গাচড়া মহিপুর সেতুর দক্ষিণ পাশে এই কর্মসূচি পালিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর–১ আসনের সংসদ সদস্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রায়হান সিরাজী। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির নায়েবুজ্জামান।
এতে বক্তারা বলেন, প্রতিবছর তিস্তার ভাঙনে শত শত পরিবার বাড়িঘর হারালেও এবারের বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে সতর্ক করে বলেন, উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে শুক্রবার সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। এদের মধ্যে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তারা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।




























