
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটোসাংবাদিক হাবিব খন্দকার। রোববার (৪ মে) বিকেল তিনটার দিকে মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পরপরই প্রধান হামলাকারী সালাউদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত সাংবাদিক মিলন বিশ্বাস জানান, মাসদাইরের শ্মশানের সামনে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের প্রতিরোধ স্তম্ভটি দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালুর ব্যবসা চালিয়ে আসছে। এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ছবি তোলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেনসহ অজ্ঞাত আরও ৫-৬ জন তাদের ওপর হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও হামলা থামেনি। হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ভেঙে ফেলে এবং একটি দোকানে আটকে রাখে। সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, সালাউদ্দিন একজন কুখ্যাত সন্ত্রাসী এবং শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাও রয়েছে। তিনি সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি বছরের একটি দিন প্রশাসনের নজরে এলেও বাকি সময় তা সালাউদ্দিনের দখলে থাকে। এলাকাবাসী বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”





























