
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা: গাইবান্ধা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য রয়েছে। তবে এলজিইডির প্রধান কার্যালয় জানিয়েছে, সরকারি বিধি অনুসরণ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আব্দুল আজীজ-কে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বিদায়ী নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ২০ নভেম্বর ২০২৫ সালে গাইবান্ধা এলজিইডি কার্যালয়ে যোগদান করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলির আদেশ জারির পরও এখনো দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে ঠিকাদারসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিদায়ী নির্বাহী প্রকৌশলীর কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। এসব কাজ শেষ হলেই সরকারি বিধি অনুযায়ী নতুন নির্বাহী প্রকৌশলীর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য থাকায় কিছু প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কার্যক্রমের গতি কিছুটা শ্লথ হয়েছে। তারা দ্রুত দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে চলমান প্রকল্পগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, দায়িত্ব হস্তান্তর সম্পূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া। নির্ধারিত বিধি ও নিয়ম মেনেই আগামী ৩ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাহী প্রকৌশলী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর এলজিইডির সব দাপ্তরিক ও উন্নয়নমূলক কার্যক্রম স্বাভাবিক গতিতে পরিচালিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।




























