
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে যায় আরও একজন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকার মো. রেজা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির একটি শয়নকক্ষে ইয়াবা সেবন ও কেনাবেচার সময় মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আনারুল ইসলাম (৩৫) নামের আরেক ব্যক্তি জানালা দিয়ে পালিয়ে যান। পরে আটক দুজনের দেহ তল্লাশি করে রেজা মিয়ার কাছ থেকে ৫০টি এবং আয়নাল হকের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার রেজা মিয়া উত্তর কাঠুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে এবং আয়নাল হক একই গ্রামের চাঁন মিয়ার ছেলে। পলাতক আনারুল ইসলামও একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আনারুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২৯ আগস্ট ফুলছড়ি থানায় দায়ের করা হয়; মামলা নম্বর ৯। পুলিশ জানিয়েছে, অভিযানের পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





























