
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া রাসেল (২৩) এর ২৮ ঘণ্টা পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি।শনিবার (৩০ মে) সন্ধ্যার ঠিক পূর্ব মুহুর্তে ঈদ আনন্দ উদযাপন করা একদল তরুনকে বহন করা একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে অসাবধানতাবশত নদীতে পরে নিখোঁজ হন রাসেল। নিখোঁজের পর থেকেই আত্মীয়স্বজনেরা নিজ উদ্যোগে নানাভাবে খোজাখুজি করতে থাকেন। পরে রবিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এবং স্বজনরা নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দূর্ঘটনাটি ঘটলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেয় রবিবার সকাল পর্যন্ত। দেরিতে উদ্ধার অভিযান শুরু করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রবিবার দিনভর দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়া যাওয়ায় পরিবারের সদস্যদের শোকের আবহ কাটছে না কোনভাবে, বরং ক্ষণে ক্ষণে বাড়ছে উৎকন্ঠা।নিখোঁজ রাসেলের পরিবারের সদস্যরা দিনভর নদীর তীরে অবস্থান করে উৎকণ্ঠা আর চাপা কষ্টের মধ্যে সময় পার করছেন। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় তারা উদ্ধারকারী দলের প্রতি অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, নিখোঁজ রাসেল মহানগরীর কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নদীর স্রোত, গভীরতা ও তলদেশের কাদা উদ্ধারকাজে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারপরও সম্ভাব্য বিভিন্ন স্থানে ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।




























