
শফিকুল স্টাফ রিপোর্টারঃনির্মাণকাজ শেষ হতে না হতেই গাজীপুরের শ্রীপুরে ধসে পড়েছে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক। উপজেলার রাজাবাড়ি বাজার থেকে প্রহলাদপুর ইউনিয়নের দমদমা চৌরাস্তা পর্যন্ত ৫.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশ ধসে সরাসরি সূতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও যাতায়াত নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, সড়কটির চিনাশুকানিয়া ও দমদমা এলাকায় নদীর পাড় রক্ষায় কোনো টেকসই গাইড ওয়াল বা স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তড়িঘড়ি করে বালু ও মাটি ভরাট করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করায় অল্প কিছুদিনের মধ্যেই সড়কটিতে বড় বড় ফাটল দেখা দেয় এবং পরে বিশাল অংশ ধসে পড়ে । কাজের সময় অনিয়মের প্রতিবাদ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স সালাম ট্রেডার্স' তা আমলে নেয়নি বলে দাবি এলাকাবাসীর। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার তা শেষ করে ২০২৬ সালে এসে। এদিকে সড়ক ধসের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারের পুরো বিল পরিশোধ করা হলেও কাজের জামানত (সিকিউরিটি মানি) বাবদ প্রায় ৯০ লাখ টাকা আটকে রাখা হয়েছে । তদন্ত সাপেক্ষে গাফিলতির প্রমাণ মিললে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আটকে থাকা জামানতের টাকা দিয়েই দ্রুত সড়কটি টেকসইভাবে মেরামত করা হবে। সড়কটি আরও বড় ভাঙনের কবলে পড়ার আগেই জরুরি ভিত্তিতে স্থায়ী ব্লক ও প্রতিরক্ষামূলক বাঁধ দিয়ে সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।




























