শিরোনাম
১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত। নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ
বুধবার ১২ আগস্ট ২০২৬
বুধবার ১২ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে নাকাল জনজীবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। চাহিদার তুলনায় প্রায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ পাওয়ায় শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি স্টেশন থেকে শুরু করে আবাসিক খাতেও তীব্র সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১১ আগস্টের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।


চট্টগ্রাম অঞ্চলে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিতরণ) মো. রফিক খান বলেন, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এতে বড় ধাক্কা লেগেছে আমদানিকৃত এলএনজি নির্ভর চট্টগ্রামে। দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ২২৫ থেকে ২৩০ মিলিয়ন ঘনফুট। প্রয়োজনের তুলনায় প্রায় ৪৪ শতাংশ কম গ্যাস পাচ্ছে বন্দরনগরী।




এর ফলে শিল্প, বিদ্যুৎ, সার কারখানা, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক খাত-সবখানেই তীব্র সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। গ্যাস সংকটের সুযোগে অনেক সিএনজিচালিত অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন।


নগরীর বিভিন্ন এলাকায় রান্নার চুলায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রফতানিমুখী শিল্প, উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও বাড়বে।


মো. রফিক খান বলেন, গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) বন্ধ রয়েছে। কেবল কাফকোতে সার উৎপাদন চলছে। বিদ্যুৎ উৎপাদনেও বড় কাটছাঁট করা হয়েছে। বর্তমানে শুধু শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে সীমিত আকারে উৎপাদন অব্যাহত রয়েছে। এই কেন্দ্রে দৈনিক ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়ছে।




কেজিডিসিএল সূত্র জানায়, বিদ্যুৎ ও সার খাতের জন্য গ্যাস বরাদ্দ দেওয়ার পর অবশিষ্ট প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে শিল্প, বাণিজ্যিক, আবাসিক এবং সিএনজি সব খাতের চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এত অল্প গ্যাস দিয়ে পুরো নেটওয়ার্কে চাপ ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে দূরবর্তী এলাকা তো বটেই, নগরীর কেন্দ্রীয় এলাকাতেও গ্যাসের চাপ কমে গেছে।


চট্টগ্রামের একাধিক শিল্পপ্রতিষ্ঠান মালিক জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় বয়লার স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্টিল, রি-রোলিং, কাচ, সিরামিক, টেক্সটাইল, স্পিনিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বিভিন্ন মাঝারি শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে। রফতানিমুখী শিল্পে সময়মতো উৎপাদন শেষ করতে না পারলে বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।


গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিটি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেক স্টেশন পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করতে পারছে না। এর প্রভাব ইতোমধ্যে গণপরিবহন, পণ্য পরিবহন এবং নগরজীবনে পড়তে শুরু করেছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যাত্রী ও পণ্য পরিবহন ব্যয়ও বাড়তে পারে। গ্যাস সংকটের কারণে ইতোমধ্যে টেক্সিগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।


কেজিডিসিএলের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ভাসমান টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ার সম্ভাবনা কম। বরং জাতীয় চাহিদা বিবেচনায় অন্য অঞ্চলে সরবরাহ বাড়াতে হলে চট্টগ্রামে আরো কাটছাঁট করতে হতে পারে। রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার দিতে হলে চট্টগ্রামের শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে সংকট আরো তীব্র আকার ধারণ করবে।


ওই কর্মকতা আরো বলেন, স্বাভাবিক অবস্থায়ও চট্টগ্রামের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না। দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দীর্ঘদিন ধরে ২৭০-২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংকট শুরুর আগেও চট্টগ্রামে ২৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছিল। বর্তমানে আরো কমিয়ে ২২৫-২৩০ মিলিয়ন ঘনফুট করা হয়েছে। গতকাল বুধবার থেকে সরবরাহ ২৮ মিলিয়ন ঘনফুট কমে গেছে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।


সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছরের মধ্যে নতুন গ্যাসক্ষেত্র থেকে উল্লেখযোগ্য উৎপাদন না বাড়লে এবং এলএনজি আমদানি ও রিগ্যাসিফিকেশন সক্ষমতা আরো সম্প্রসারণ না করলে গ্যাস সংকট সহজে কাটবে না। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ক্রমান্বয়ে কমছে। সেই ঘাটতি পূরণে এলএনজির ওপর নির্ভরশীলতা বাড়লেও এলএনজির উচ্চমূল্য, বৈদেশিক মুদ্রার চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মধ্যে রয়েছে। মহেশখালীর একটি টার্মিনালে সাময়িক দুর্ঘটনা যে পুরো দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে, বর্তমান পরিস্থিতি তারই উদাহরণ।



শুধু চট্টগ্রাম নয়, রাজধানীতেও প্রভাব পড়েছে গ্যাস সংকটের। তিতাসের আওতাধীন রাজধানীতে প্রতিদিন ৪৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ পাচ্ছে। এ কারণে প্রয়োজনীয় গ্যাসের চাপ কমে গেছে। গ্যাসের চাপ না থাকায় বাসা বাড়িতে রান্নায় বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও একেবারেই চাপ কম থাকায় বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে নগরবাসীকে।


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বলছে, তিতাসের আওতায় দৈনিক প্রায় ২০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ মিলছে ১৫৫ কোটি ঘনফুটের মত। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন রাজধানী ও আশেপাশের জেলায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।


আয় কমে দিশেহারা চালকরা


গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম মহানগরীর গ্যাস পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুসারে গ্যাস পাচ্ছেন না বিভিন্ন পরিবহন চালক-শ্রমিকরা। আয় সীমিত হয়ে যাওয়ায় পরিবহনে নির্ভর দিন এনে দিন খাওয়া মানুষেরা আর্থিক সংকটে পড়েছেন।


বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় ইন্ট্রাকো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক মনজুরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সময় ৫-৬ ঘণ্টা অপেক্ষা করার পরও গ্যাস ছাড়াই ফিরে যেতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি দৈনিক আয়ও কমে গেছে। সংসার চলবে কীভাবে সে চিন্তায় হয়তো মরেই যাব।’


রাইড শেয়ারিংয়ে ভাড়ায় কার চালান বহদ্দারহাট এলাকার নাছির উদ্দিন। গ্যাস সংকটের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে অনেক পাম্প থাকলেও বেশিরভাগই এখন বন্ধ। যেগুলোতে গ্যাস আছে, সেখানেও চাপ খুব কম। সে কারণে সিলিন্ডারের অর্ধেক পরিমাণও গ্যাস ঢুকছে না।


হালিশহর এলাকার বাসিন্দা নাজমা বলেন, ‘এক সপ্তাহ ধরে চুলায় গ্যাসের চাপ এতটাই কম যে, কোনো রান্না করা সম্ভব হচ্ছে না। রাত নয়টার পর গ্যাস এলেও শুধু ভাত রান্না করতেই প্রায় এক ঘণ্টা সময় লাগছে। অন্য কোনো রান্না করা সম্ভব হচ্ছে না।’


ডবলমুরিং থানার মনসুরাবাদের গৃহিণী সাইরা বেগম বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না। বাধ্য হয়ে বাজার থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে আর কত দিন চলা যায়?’


শুধু চট্টগ্রাম নয়, গ্যাসের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকেও। গ্যাস না থাকায় ঢাকার অনেক বাসাবাড়িতে কেউ কেউ বিদ্যুৎ-চালিত চুলা কিনে রান্নার কাজ করছেন। নিম্ন আয়ের মানুষ মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন।


রাজধানীর গ্যাস পাম্পগুলোতেও যানবাহনের লম্বা সারি। তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক-শ্রমিকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। ফলে পুরো পরিবহনখাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।


গ্যাস সংকটের কারণে রাস্তায় সিএনজিচালিত যানবাহন চলাচল কমে গেছে, বেড়ে গেছে ভাড়া। আবদুস সামাদ নামে এক চালক বলেন, ‘আড়াই থেকে তিন ঘণ্টা লাগতেছে পাম্পেই। তাও যে গ্যাস ঢুকে, তা দিয়ে আধা বেলা গাড়ি চালান যাচ্ছে না। এজন্য ড্রাইভাররা গাড়িই বাইর করতেছে না। খাব কি? ভাড়া তো বেশি চাওয়া লাগবেই।’


বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘লাইনে আমাদের দেওয়ার কথা ১৫ পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চ) চাপের গ্যাস। সেখানে আমাদের তিন থেকে পাঁচ পিএসআই পর্যন্ত দেওয়া হয়। লাইনে ১৫ পিএসআই চাপের গ্যাস থাকলে আমাদের মেশিনগুলো ঘণ্টায় ৫০০ কিউবিক মিটার গ্যাস কমপ্রেস করতে পারে। আর আমরা গাড়িতে গ্যাস ডেলিভারি দেই তিন হাজার পিএসআই প্রেশারে। ইনপুটে পিএসআই যত কমবে, আউটপুটও তত কম আসবে।


যা বলছেন ব্যবসায়ীরা


চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক বলেন, কারখানায় ৭৫ শতাংশ উৎপাদন কমে গেছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা হতে পারে। পাশাপাশি নির্ধারিত সময়ে বিদেশি ক্রয়াদেশের পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকিও আছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল হতে পারে।


তিনি আরো বলেন, চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে অর্ধলাখ শিল্প-কারখানা রয়েছে, যার বড় অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। এসব শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৬০-৭০ লাখ শ্রমিক। এক সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কমিয়েছে, কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে।


কবির স্টিলের পরিচালক তানজির হোসেন বলেন, তিন থেকে চার পিএসআই গ্যাস সরবরাহ থাকলে ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন চালানো সম্ভব হয়। কিন্তু বর্তমানে গ্যাসের চাপ এত কম যে শ্রমিক ও অপারেটরদের অধিকাংশ সময় বসে থাকতে হচ্ছে। উৎপাদন কমেছে ৬০ শতাংশ পর্যন্ত।



বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক খোরশেদ আলম বলেন, সব মিলকারখানা বন্ধ প্রায়। কোনো কোনো এলাকায় গ্যাসের সঙ্গে বিদ্যুৎও নেই। কত দিন থাকবে না, সেটা সরকার ঘোষণা দিতে পারে। তাহলে শ্রমিকদের বসিয়ে না রেখে ছুটি দেওয়া যায়।


মেরামতের আশা 


পেট্রোবাংলা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ দল স্থানীয় কারিগরি দলের সঙ্গে মিলে মেরামত কাজ শুরু করেছে। টার্মিনালের দুটি বয়লারের মধ্যে আগুনে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিশেষজ্ঞদের পরিকল্পনা অনুযায়ী, অক্ষত বয়লারটি ৪-৫ দিনের মধ্যে চালু করা সম্ভব হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো যাবে। তাতে গ্যাসের চাপ কিছুটা বাড়বে। তবে টার্মিনালটি পুরোপুরি মেরামত হয়ে সচল না হওয়া পর্যন্ত এবং জাতীয় গ্রিডে দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত রাজধানীসহ দেশের বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প-কারখানার এই সংকট সম্পূর্ণ কাটবে না। এতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে।


সূত্র মতে, এই দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। গ্যাসের অভাবে চট্টগ্রাম ও ঢাকার সাভার, গাজীপুর, আশুলিয়া ও মানিকগঞ্জের প্রায় ২০০টিরও বেশি টেক্সটাইল, স্টিল ও সিরামিক কারখানার উৎপাদন স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ ১,০০০ মিলিয়ন থেকে কমিয়ে ৭০০ মিলিয়নে নামানো হয়েছে, যার ফলে দেশজুড়ে লোডশেডিং বাড়ছে।


রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির বলেন, আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালে আকস্মিক ত্রুটির কারণে সরবরাহ কমে অর্ধেকে নেমে এসেছে। ত্রুটি সারানোর কাজ চলছে। আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।



তবে ভিন্নমত পোষণ করেছেন মহেশখালী এলএনজি টার্মিনাল সংশ্লিষ্ট অনেকেই। তাদের ভাষ্য, মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পরিচালনা করে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং অন্যটি পরিচালনা করে দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি। এক সপ্তাহ আগে এক্সিলারেট পরিচালিত টার্মিনালের একটি বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পুরো টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়। এতে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট রিগ্যাসিফায়েড এলএনজি জাতীয় গ্রিডে যোগ হওয়া বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা করেও সফল হননি। বিদেশ থেকে প্রকৌশলী এনেও চেষ্টা করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। কবে নাগাদ টার্মিনালটি পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টার্মিনালটির দুটি বয়লারের মধ্যে অগ্নিকাণ্ডে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য বয়লারটি সচল করা গেলে দৈনিক অন্তত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এটি চালুর চেষ্টা চলছে। বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ১ আগস্টের মধ্যে একটি বয়লার চালু হতে পারে। তবে টার্মিনালটি পুরোপুরি সচল হতে ১১ আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে। তাই এর আগে চট্টগ্রামসহ দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।


যা বলছেন বিশেষজ্ঞরা


বিশেষজ্ঞদের মতে, দেশের গ্যাস খাত দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে। প্রাকৃতিক দুর্যোগ, উত্তাল সমুদ্র বা যেকোনো দুর্ঘটনায় টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ হতে পারে। অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে।


এর আগে ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে সামিটের টার্মিনালটি ২০২৪ সালে সাড়ে তিন মাস গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল। আর একটি টার্মিনাল স্থলভাগে করা হলে এখনকার পরিস্থিতি এড়ানো যেত।


এ ছাড়া যেকোনো সময় আমদানি ব্যাহত হতে পারে। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ২০২২ সালের জুলাই থেকে টানা ৭ মাস খোলাবাজারে এলএনজি কেনেনি সরকার। আমদানি নির্ভরতার এ ঝুঁকি থাকবেই।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য (গ্যাস) মকবুল ইলাহী চৌধুরী বলেন, গত আড়াই দশকের অবহেলায় আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। বিদেশ নির্ভর হয়ে জ্বালানি খাত চলবে না। গ্যাস অনুসন্ধানে অনেক কম কূপ খনন করে বেশি সফলতার পরও অবহেলা করা হয়েছে। সারা দেশে গ্যাসের অনুসন্ধান জোরদার করতে হবে। এ ছাড়া দ্রুত কূপ সংস্কার করে গ্যাস উৎপাদন বাড়াতে হবে।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ

তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড

ফল প্রকাশের পর বিক্ষোভ, ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আত্রাইয়ের নিহত সেই ১১ মরদেহ পাবার অপেক্ষায় স্বজনরা

নওগাঁয় পূর্ব বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু, পাশে প্রতিমন্ত্রী পুতুল

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গাইবান্ধাবাসী

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত।

নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ


এই সম্পর্কিত আরও খবর

নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবিতে মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট

বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি আছে, মানুষের কষ্ট কমানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম

১৬৬ কিমি মহাসড়কের বাঁকে ৭০ ‘মৃত্যুফাঁদ’

সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

পাম্পে কমেছে গাড়ির লাইন, কমেনি ভাড়া