
মোক্তার হোসেন গোলাপ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পাচারের সময় ১০৮ বস্তা সরকারি সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ।
গত ৩০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজার সংলগ্ন নৌকা ঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সারবোঝাই নৌকাটি জব্দ করা হয়।
ইটনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করে এলংজুরী বাজারে খালাস করার প্রস্তুতি চলছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করতে সক্ষম হই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




























