
।মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের রাজনীতিতে পরিচ্ছন্ন, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি।এমপি উর্মি বলেন, “অপপ্রচার যারা ছড়ায়, তারা মূলত কাপুরুষ। তারা কখনো সত্য ও জনগণের ভালোবাসার সামনে দাঁড়াতে পারে না। তাই তারা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে একজন জনপ্রিয় নেতার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়।”তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব, জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহামেদ অপু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি শরীয়তপুরবাসীর আবেগ, ভালোবাসা ও আস্থার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।




































