
। জুয়েল হাওলাদার, শরণখোলা (বাগেরহাট): পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরণখোলায় র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ ও জলবায়ু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস, শিক্ষক আলমগীর হোসেন, শফিকুল হোসেন, রাহিনুর, শারমিন আক্তার, নুজাহতা হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান।































