
আকির হোসেন, মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৬নং সুয়ার ইউনিয়নের আদর্শনগরের ভাটিয়া গ্রামে খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্ত কংক্রিটের রাস্তা নিজ উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে মেরামত করেছেন পিন্টু সরকার। স্থানীদের সাথে কথা বলে জানা যায়, ভাটিয়া গ্রামের এই কংক্রিটের রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে ঢালাই উঠে গিয়ে রড বেরিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। জনগণের এই কষ্ট লাঘবে এগিয়ে আসেন পিন্টু সরকার। তিনি স্থানীয় এলাকাবাসীকে সংগঠিত করেন এবং সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় নিজ দায়িত্বে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করেন। জনকল্যাণমূলক কাজের বিষয়ে পিন্টু সরকার জানান, "এলাকার প্রতি আমাদের সবারই কিছু দায়বদ্ধতা রয়েছে। কেবল সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।" রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং পিন্টু সরকারসহ অংশগ্রহণকারী এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করছেন।





























