
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং সোমবার কালীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ঘড়ি কিনতে গিয়ে জাহিদ মুন্সির সঙ্গে ওই কলেজছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্টহাউসে নিয়ে তাকে ধর্ষণ ও ব্যক্তিগত ছবি-ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পূবাইলের মীরেরবাজারের একটি গেস্টহাউস, বিভিন্ন হোটেল-রিসোর্ট এবং কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত তাকে মারধর করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী বড় বোনকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে গেলে জানতে পারেন, জাহিদ মুন্সি এর আগে একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে।
কালীগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।




























