
মোঃ রায়হান মাহামুদ:
গাজীপুরের কালীগঞ্জে আব্দুল মজিদ (৬৫) নামে এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মেয়ের জামাই মোজাম্মেল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।
নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় মোজাম্মেল। শুক্রবার বিকেলে কথা বলার কথা বলে ফোন করে শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেয় সে।
পরে বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর মোজাম্মেল পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্নসহ আব্দুল মজিদকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























