
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর
গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় বিভিন্ন মামলা ও অপরাধে জব্দ করা অধিকাংশ যানবাহন থানার ভেতরে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা হলেও জায়গার সংকটের কারণে কয়েকটি বড় আকারের যানবাহন থানার সামনের আঞ্চলিক সড়কের একপাশে রাখা হয়েছে। এতে সড়কের একটি অংশ দখল হয়ে যাওয়ায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, কাশিমপুর থানার সামনে দিয়ে চলাচলকারী ব্যস্ত আঞ্চলিক সড়কের একপাশে ট্রাক, পিকআপসহ অন্যান্য বড় আকারের জব্দকৃত যানবাহন সারিবদ্ধভাবে রাখা রয়েছে। ফলে সড়কের কার্যকর প্রস্থ কমে গেছে। বিশেষ করে অফিস শুরুর ও ছুটির সময়ে বিপরীতমুখী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক সময় বড় যানবাহন একে অপরকে অতিক্রম করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, থানার ভেতরে জায়গা না থাকায় বাধ্য হয়েই বড় যানবাহনগুলো সড়কের পাশে রাখা হলেও এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের চলাচলে। প্রতিদিন শত শত যানবাহন এ সড়ক ব্যবহার করায় সামান্য প্রতিবন্ধকতাও বড় ধরনের যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এদিকে থানার ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় জব্দকৃত যানবাহনগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সড়কের পাশে রাখা বড় যানবাহনগুলো রোদ-বৃষ্টি ও অযত্নে দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক গাড়িতে মরিচা ধরছে, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবে মাঝেমধ্যে এসব যানবাহন থেকে ব্যাটারি, হেডলাইট, সাইড মিররসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। ফলে আইনি প্রক্রিয়া শেষে মালিকরা গাড়ি বুঝে পেলেও অনেক সময় তা আগের অবস্থায় পান না বলে দাবি তাদের।
সচেতন নাগরিকরা বলছেন, জব্দকৃত যানবাহন সংরক্ষণের জন্য থানাগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই জনদুর্ভোগ কমাতে বিকল্প সংরক্ষণাগার বা কেন্দ্রীয় ইমপাউন্ড ইয়ার্ড নির্মাণের পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখার উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে কাশিমপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানার ভেতরে অধিকাংশ জব্দকৃত যানবাহন সংরক্ষণ করা হয়েছে। কেবল জায়গার অভাবে কয়েকটি বড় যানবাহন সাময়িকভাবে বাইরে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা হলে সেগুলোও সরিয়ে নেওয়া হবে।




























