
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ডা দক্ষিণপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১২টি ভাড়াটিয়া কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বারেন্ডা দক্ষিণপাড়ায় মিজান মোল্লার মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই একের পর এক কক্ষ দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তবে অনেকেই তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় মালামাল বের করতে পারেননি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, রাত ১০টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের (ইলেকট্রিক্যাল ফল্ট) কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়দের ভাষ্য, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়িটি আগুনে গ্রাস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের দীর্ঘদিনের জমানো সংসারের প্রায় সবকিছুই পুড়ে গেছে। তারা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।


































