
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর গাজীপুরের কাশিমপুর থানা এলাকার বারেন্ডা মোল্লা মার্কেট এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ী দম্পতিকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮:১৫ ঘটিকায় "কাইনাত কাপড় ও কসমেটিক্স" নামক দোকানে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী ব্যবসায়ী বর্ষা (২৫) বাদী হয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আকলিমা আক্তার (৩৮) প্রায় ৭ থেকে ৮ মাস আগে বাদী তিথিলা আক্তার বর্ষার মায়ের কাছ থেকে ৮,০০০ টাকার মালামাল বাকিতে ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন ধরে উক্ত বকেয়া টাকা পরিশোধ না করে নানাভাবে তালবাহানা করতে থাকেন এবং টাকা চাইলে উল্টো বিভিন্ন সময় হুমকি প্রদান করেন।এরই ধারাবাহিকতায় শনিবার আকলিমা আক্তার, নূর মোহাম্মদ (৪৮) এবং মোঃ রিফাত হোসেন (২৩) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ব্যক্তি বর্ষা তাঁর স্বামী মোঃ কাইয়ুমের দোকানে অনাধিকার প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে বাদী ও তাঁর স্বামী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। বাদীর অভিযোগ, হামলা চলাকালীন বিবাদী রিফাত হোসেন বাদীর চুল ও জামা কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটান এবং বিবাদী নূর মোহাম্মদ বাদীর ওড়না দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। একপর্যায়ে বিবাদী আকলিমা আক্তার কৌশলে ক্যাশ বক্স থেকে নগদ ১২,৭০০ টাকা এবং বাদীর গলা থেকে আনুমানিক ১,৫৪,০০০ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান।দম্পতিটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তিথিলা আক্তার বর্ষা কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা করানো হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্রের কপিসহ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।অভিযোগের বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।




























