
নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসায় একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানের মধ্যে পানিতে লুকিয়ে থাকা আরও এক ব্যক্তিকে স্থানীয় গ্রামবাসী দেখতে পেয়ে আটক করে পুলিশকে খবর দিলে তাকেও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) খোকসা থানায় দায়ের করা ডাকাতির মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে উপজেলার একতারপুর বিহারিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা, নোটাভাঙ্গা ও পিরালিপাড়া এলাকার ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম শেখ (১৯), শাওন সর্দার (২১), সাগর খান (১৯), আনিস মন্ডল (২৯), সোহেল রানা ও সজিব মন্ডল।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি আইনগত প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে।
এদিকে, অভিযানের কিছুক্ষণ আগে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আরও একজন ব্যক্তি পানিতে লুকিয়ে ছিলেন বলে স্থানীয়রা জানান। তাকে পানির মধ্যে দেখতে পেয়ে গ্রামবাসী আটক করেন এবং বিষয়টি খোকসা থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খোকসা থানার মামলা নং-০৩, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



























