
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যৌথ সংগীতানুরাগে যুক্ত হলো নতুন এক মাত্রা। কলকাতা থেকে বাংলাদেশের প্রথিতযশা সংগীতশিল্পী রাজিয়া মুক্তির কণ্ঠে অবমুক্ত হয়েছে কালজয়ী দুটি বাংলা গান—'যখন রাত্রি নিঝুম' এবং 'উন্মনা মন স্বপ্ন মগন'। কলকাতার প্রাইম পিক্সেল স্টুডিওতে নতুন সুর ও আধুনিক সংগীত আয়োজনে কাভার সংস্করণ হিসেবে গান দুটি প্রকাশ করা হয়। প্রকাশিত দুটি গানের মধ্যে 'উন্মনা মন স্বপ্ন মগন' গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরী এবং 'যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম' গানটির রচয়িতা তাঁর স্ত্রী লীলা চৌধুরী। গান দুটির মূল সুর ঠিক রেখে বর্তমান প্রজন্মের শ্রোতাদের উপযোগী করে নতুন রূপ দেওয়া হয়েছে। এর আগেও কলকাতা থেকে মোহিনী চৌধুরীর লেখা ও তাঁর জ্যেষ্ঠপুত্র ভবিষ্যৎ চৌধুরীর সুরে রাজিয়া মুক্তির কণ্ঠে দুটি মৌলিক গান—'সূর্য এবার নতুন আকাশে জাগো' এবং 'সাগরে যে ঘর বেঁধেছে' প্রকাশিত ও প্রশংসিত হয়।
মোহিনী চৌধুরীর অপর পুত্র, চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী রাজিয়া মুক্তির কণ্ঠের স্বতন্ত্রতা ও গায়কি দেখে গান দুটি কাভার করার সিদ্ধান্ত নেন। গান দুটি সম্পর্কে তিনি বলেন, গীতসংগীত’ চলচ্চিত্রে কুমার সানুর কণ্ঠে ‘যখন রাত্রি নিঝুম’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। অন্যদিকে ‘উন্মনা মন স্বপ্ন মগন’ গানটি কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্রের এক অনবদ্য ক্লাসিক। রাজিয়া মুক্তি নিজের স্বকীয়তা দিয়ে দুটি গানকেই নতুনভাবে প্রাণবন্ত করে তুলেছেন। তাঁর স্পষ্ট উচ্চারণ ও আবেগের প্রকাশ গান দুটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তিনি আরও যোগ করেন, এটি কেবল সাধারণ পুনঃনির্মাণ নয়, বরং দুই বাংলার সংগীতপ্রেমীদের গান। রাজিয়া মুক্তি পুরুষ কণ্ঠের ভারী আবেগকে নিজের কোমল গায়কি দিয়ে মায়ের প্রতি সন্তানের আকুলতা হিসেবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। কাভার সংস্করণ প্রসঙ্গে শিল্পী রাজিয়া মুক্তি বলেন,কালজয়ী গান দুটি নতুনভাবে গাইবার জন্য দিগ্বিজয় দাদা অনেক আগেই অনুরোধ করেছিলেন। মোহিনী চৌধুরী পরিবারের স্নেহধন্য হতে পেরে নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করছি। তিনিই প্রথম বাংলাদেশের কোনো শিল্পী, যিনি 'মুক্তির মন্দির সোপান তলে'র মতো কালজয়ী গানের রচয়িতার লেখায় মৌলিক গান গাইবার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি আরও বলেন,সংগীতকে হালকাভাবে না দেখে প্রতিটি গানে নিজস্ব স্বকীয়তা বজায় রাখা জরুরি। আমি চেষ্টা করেছি গানের মূল ভাব ঠিক রেখে শ্রোতাদের হৃদয়ে পৌঁছাতে। দীর্ঘদিন ধরে মেলোডিয়াস ধাঁচের গানকে প্রাধান্য দিয়ে সংগীতচর্চা করা রাজিয়া মুক্তির ইতিপূর্বে জি সিরিজ থেকে 'আমি একা' ও 'আমার ভিতর বাহির' শিরোনামে দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। বেতার ও টেলিভিশনে তাঁর অসংখ্য মৌলিক ও নজরুল সংগীত পরিবেশনা রয়েছে।
সংগীতবোদ্ধাদের মতে, বর্তমানে সস্তা রিমেকের ভিড়ে মূল সুর ও ভাবকে অক্ষুণ্ণ রেখে পরিশীলিত কণ্ঠে রাজিয়া মুক্তির এই নিবেদন সত্যিই প্রশংসার দাবিদার।





























