
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযানে অবৈধভাবে দেশে আনা প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক করেছে।
রোববার (২ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।




























