
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখা।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বিকালে সংগঠনটির উদ্যোগে একটি বিশাল র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিপুল সংখ্যক শ্রমিক গলায় গামছা পরিহিত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গত সংসদ নির্বাচনে মুরাদনগর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। এর সময় আরো বক্তব্য রাখছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন, জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারী আবু বকর সরকার সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং মজুরি নিশ্চিত করাই মে দিবসের মূল লক্ষ্য। নিম্ন আয়ের এই খেটে খাওয়া মানুষদের সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন।




























