
মোঃ হাসানুজ্জামান গাংনীমেহেরপুরের গাংনী উপজেলায় টিনের চালা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চারচারা বাজারে খোকন আলীর টিনের ঘরের চালা মেরামতের কাজ করছিলেন এনামুল হক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




























