
আকির হোসেন,মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে আলী (১১) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেংগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে এবং পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা-মা ঢাকায় বসবাস করায় সে গ্রামে তার দাদা আবু তাহেরের কাছে থাকত। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলী টেংগাপাড়া খালে মুখ ধুতে যায়। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে। খালের পাড়ে মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জনাব আলমগীর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।





























