
আকির হোসেন, মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে চলমান বিদ্যুৎ সংকট, অনিয়মিত সরবরাহ, ভূতুড়ে বিল ও নষ্ট মিটার পরিবর্তন না করাসহ নানা গ্রাহক হয়রানির অভিযোগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।রোববার (৯ আগস্ট) মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ছাত্রদল নেতারা বলেন, বিদ্যুৎ সংকট একটি জাতীয় সমস্যা—এ বিষয়ে সাধারণ মানুষ সচেতন। তবে এই সংকটকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে গ্রাহকদের হয়রানি করা, অফিসে অভিযোগ জানাতে গেলে গুরুত্ব না দেওয়া এবং বছরের পর বছর নষ্ট মিটার ফেলে রাখার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তারা জোর দিয়ে বলেন, বিদ্যুৎ সরবরাহ যতটুকু সম্ভব, তার একটি সুষম ও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করতে হবে। বিশেষ করে সরকারি অফিসের কার্যক্রমের সময় এবং সন্ধ্যায় শিক্ষার্থীদের পড়াশোনার সময়টিতে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।এছাড়া, বিদ্যুৎ না থাকা সত্ত্বেও মিটারে অস্বাভাবিক রিডিং ওঠা এবং ভূতুড়ে বিল তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত সংশোধনের দাবি জানানো হয়।মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, "পল্লী বিদ্যুৎ একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহ না দিয়ে সাধারণ মানুষের ওপর অযৌক্তিক ও অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে হয়রানি করা যাবে না। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নষ্ট মিটারগুলো দ্রুত পরিবর্তন করতে হবে এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করতে হবে। জনগণের যেকোনো ভোগান্তিতে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।"অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এমদাদুল হক জানান, লোডশেডিং, অতিরিক্ত বিলের অভিযোগ এবং নষ্ট মিটার পরিবর্তনসহ গ্রাহক সেবার সার্বিক মানোন্নয়ন নিয়ে ছাত্রদল নেতাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়গুলো গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























