
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল-চৌমুহনী থেকে বাবুটিপাড়া পর্যন্ত চলাচলের একটি জনগুরুত্বপূর্ণ সড়কে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ করছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল সরকার।
শনিবার উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর খাঁ বাড়ি থেকে শামসুর পুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন প্রতিদিন যাতায়াত করে।
মুরাদনগরের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পরামর্শে রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগ নেন দুলাল সরকার।
স্থানীয়রা জানায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। জনগণের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন দুলাল সরকার।
বিএনপির যুগ্ন আহবায়ক ও ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পরামর্শে এলাকার জনগণের দুর্ভোগ কমাতে কাজ করছি।




























